মহুয়া কি ভোটে দাঁড়াতে পারবেন

3rd November 2023 9:03 pm Political
মহুয়া কি ভোটে দাঁড়াতে পারবেন


তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ নিয়ে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে লোকসভার এথিক্স কমিটি প্রথমে দুই অভিযোগকারী এবং পরে মহুয়ার কথা শুনেছে। যদিও কমিটির বৈঠক থেকে মাঝপথে বেরিয়ে এসেছিলেন মহুয়া-সহ বিরোধী পক্ষের সাংসদেরা। তৃণমূল সাংসদের অভিযোগ ছিল, তাঁকে ‘ব্যক্তিগত এবং অপমানজনক’ প্রশ্ন করেছেন কমিটির চেয়ারম্যান তথা বিজেপির সাংসদ বিনোদ সোনকর। গত ২৬ অক্টোবর অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইকে জিজ্ঞাসাবাদ করে এথিক্স কমিটি। বৃহস্পতিবার কমিটি ডেকেছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়াকে। এটা স্পষ্ট নয় যে, দুটি শুনানির পরেই কমিটির চেয়ারম্যান লোকসভার স্পিকার কথা লোকসভাকে তাঁর বক্তব্য জানাবেন কিনা। কিন্তু কমিটির চেয়ারম্যান যদি মহুয়াকে ‘দোষী’ সাব্যস্ত করে স্পিকারের কাছে তাঁর শাস্তি সুপারিশ করেন, তা হলে কী সাজা হতে পারে তৃণমূল সাংসদের?

 

কিন্তু মহুয়ার শাস্তি হলে তাঁর কী শাস্তি হতে পারে?

কেউই বিষয়টি নিয়ে নিশ্চিত নন। কিন্তু অতীতের নজির ঘেঁটে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। ভারতীয় সংসদে এথিক্স কমিটির ইতিহাস খুব প্রাচীন নয়। ১৯৯৬ সাল নাগাদ এ নিয়ে আলোচনা শুরু হয়। প্রথমে আলোচনা হয় রাজ্যসভায়। ১৯৯৭ সালের ৪ মার্চ তৎকালীন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান কে আর নারায়ণন এথিক্স কমিটি গঠন করেন। এর পরে ২০০০ সালে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময়ে তৎকালীন লোকসভার স্পিকার জিএমসি বালযোগী একটি ‘অস্থায়ী’ এথিক্স কমিটি গঠন করেন। স্থায়ী এথিক্স কমিটি হয় ২০১৫ সালে।

 

এই ধরনের কমিটি প্রথম আলোচনায় আসে ২০০৫ সালে। সে বার ঘুষের বিনিমিয়ে প্রশ্নের অভিযোগ ওঠায় সংসদের ওই কমিটি ১১ জন সাংসদকে দোষী সাব্যস্ত করেছিল। ১০ জন লোকসভার সাংসদ এবং এক জন রাজ্যসভার সাংসদ। সকলেরই সাংসদ পদ খারিজ হয়ে যায়।

 

মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, দুবাইকেন্দ্রিক ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে তৃণমূল সাংসদ অর্থ এবং উপহার নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছেন। বিষয়টি লিখিত ভাবে স্বীকার করে নিয়েছেন হীরানন্দানি। ওই ব্যবসায়ীকে তাঁর লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন বলে মেনে নিয়েছেন মহুয়াও। তবে ২০০৫ সালে ১১ জন সাংসদকে একটি সংবাদমাধ্যমের গোপন ক্যামেরা অভিযানে হাতে করে টাকা নিতে দেখা গিয়েছিল। সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ২০০৫ সালের ১২ ডিসেম্বর সেই সব ভিডিয়ো প্রকাশ্যে এনেছিল। তাতে দেখা গিয়েছিল, সংসদে প্রশ্ন করার জন্য তাঁরা নগদ অর্থ নিচ্ছেন।

 

তবে মহুয়ার ক্ষেত্রে ‘অর্থ নিয়ে প্রশ্ন’ ছাড়াও একটি অভিযোগ রয়েছে। হীরানন্দানিকে তাঁর সাংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অভিযোগ। যা নিয়মবিরুদ্ধ। এমন অভিযোগও উঠেছে যে, মহুয়া ভারতে থাকলেও বিদেশ থেকে মোট ৪৭ বার ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে। এমন নজির অতীতে নেই। ২০০৫ সালে লগ ইন ব্যবস্থা ছিল না। তবে অতীত নজির বলছে, অর্থের বিনিময়ে প্রশ্ন করার জন্য মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করার ক্ষমতা রয়েছে কমিটির।

 

২০০৫ সালে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁদের ছ’জন বিজেপি সাংসদ এবং তিন জন ছিলেন মায়াবতীর দল বিএসপির। এ ছাড়াও ছিলেন কংগ্রেসের এক জন এবং লালুপ্রসাদ যাদবের দল আরজেডির এক সাংসদ। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই লোকসভার তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় একটি তদন্ত কমিটি তৈরি করেছিলেন। কমিটির শীর্ষে ছিলেন কংগ্রেস সাংসদ পবনকুমার বনসল। কমিটি রিপোর্ট দেওয়ার পরে পরেই লোকসভায় বিষয়টির উত্থাপন করেন প্রণব মুখোপাধ্যায়। তিনিই তখন সংসদের নিম্নকক্ষে কংগ্রেসের দলনেতা। একই প্রস্তাব রাজ্যসভায় আনেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ঘটনা প্রকাশ্যে আসার ১০ দিনের মাথায় লোকসভা ও রাজ্যসভায় ভোটাভুটির মাধ্যমে ১১ সাংসদই বহিষ্কৃত হন।





Others News

কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য ‘নয়া করিডর’, নির্বাচনী বছরেই তুঙ্গে রাজনৈতিক তরজা |

কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য ‘নয়া করিডর’, নির্বাচনী বছরেই তুঙ্গে রাজনৈতিক তরজা |


সামনেই বিধানসভা নির্বাচন, আর তার ঠিক আগেই পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গতকাল সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ও শিল্পোন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের এই ঘোষণাকে ‘ভোটমুখী জুমলা’ বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

বাজেটে বাংলার প্রাপ্তি: কী কী ঘোষণা?

অর্থমন্ত্রীর বাজেট ভাষণে পূর্বাঞ্চলের উন্নয়নের (‘পূর্বোদয়’) ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বাংলার জন্য প্রধান ঘোষণাগুলির মধ্যে রয়েছে:

  • ডানকুনি-সুরাত পণ্যবাহী করিডর: পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে গুজরাটের সুরাত পর্যন্ত একটি নতুন ডেডিকেটেড ফ্রেট করিডর (Dedicated Freight Corridor) তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এটি রাজ্যের লজিস্টিক ও পরিবহন শিল্পের জন্য গেম-চেঞ্জার হতে পারে।

  • বেনারস-শিলিগুড়ি হাই-স্পিড রেল: উত্তরবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত করতে বেনারস থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই-স্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে।

  • দুর্গাপুর শিল্প করিডর: ইস্ট-কোস্ট ইকোনমিক করিডরের অংশ হিসেবে দুর্গাপুরে একটি নতুন ইন্ডাস্ট্রিয়াল নোড বা শিল্পকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া: রাজ্যের ক্ষোভ বনাম কেন্দ্রের দাবি

বাজেট ঘোষণার পরপরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাদানুবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে ‘দিশাহীন’ ও ‘জনবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর কথায়, “এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই। ডানকুনি করিডরের কথা আমি রেলমন্ত্রী থাকাকালীনই বলেছিলাম, এটা নতুন কিছু নয়। নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।” তৃণমূলের অভিযোগ, ১০০ দিনের কাজ বা আবাস যোজনা নিয়ে রাজ্যের বকেয়া টাকার বিষয়ে বাজেটে কোনও স্পষ্ট উল্লেখ নেই।

অন্যদিকে, রাজ্য বিজেপি নেতৃত্ব এই বাজেটকে স্বাগত জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, “এই বাজেট পশ্চিমবঙ্গের শিল্পায়নে নতুন জোয়ার আনবে। ডানকুনি ও দুর্গাপুরের প্রকল্পগুলি রাজ্যের বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করবে।”

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা

বাজেট রাজনীতির উত্তাপের মধ্যেই আজ, ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে পর্ষদের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি রাখা হয়েছে এবং প্রশ্নফাঁস রুখতে স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবায় নজরদারি চালানো হচ্ছে।